মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

সম্পাদিত ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষত ব্রাজিল সমর্থকদের মধ্যে।

মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারির ছবি এআই প্রযুক্তি দিয়ে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সির বদলে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কমিশনারের দপ্তরে তলব করে এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

সোমবার বিকেলে বরিশাল নগরীর মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় মাদক কারবারি ও আর্জেন্টিনা সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রাসেলের পরনে ছিল আর্জেন্টিনার জার্সি। থানা পুলিশ জার্সিটি উল্টে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। কিন্তু পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালি জার্সির রং-নকশা বদলে তাঁকে ব্রাজিলের জার্সি পরা অবস্থায় দেখিয়ে ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়।

সম্পাদিত ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষত ব্রাজিল সমর্থকদের মধ্যে। সমালোচনার মুখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এআই-সম্পাদিত ছবিটি প্রত্যাহার করে সঠিক ছবি পুনরায় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে পাঠানো হয়।

ঘটনার জন্য অভিযুক্ত করা হয়েছে বিএমপির মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদকে, যিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে ওই উইংয়ে কর্মরত। তিনি স্বীকার করেছেন, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন এবং দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার কমিশনারের দপ্তরে তলব করে তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ সংবাদ মাধ্যমকে বলেন, “বিষয়টি নজরে আসার পরপরই সংশ্লিষ্ট এসআইকে শোকজ করা হয়েছে। তাঁর জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”