কালীগঞ্জে মাদকসেবী তিন যুবককে কারাদণ্ড

এ ছাড়া দুটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

কালীগঞ্জে মাদকসেবী তিন যুবককে কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বক্তারপুর ইউনিয়নের মারফত আলীর ছেলে সুজন (২৬), ফুলদী এলাকার আমির উদ্দিন পাঠানের ছেলে সুজন পাঠান (৩৮) এবং তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম এলাকার মৃত চাঁন মিয়া কাজীর ছেলে সাইফুল কাজী (৪০)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বক্তারপুর ও তুমুলিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন ইয়াবাসেবীকে আটক করে পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

এ ছাড়া সড়কে যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে বাইপাস মোড় এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সড়ক পরিবহন আইনে ১০ জনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।