গাজীপুর কণ্ঠ ডেস্ক
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতিপ্রাপ্ত কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমাকে প্রেষণে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জে পদায়ন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা জাকিয়া সারওয়ার লিমাকে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জে পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকিয়া সারওয়ার লিমাকে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছিল। তখন পদোন্নতি পেলেও পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে বর্তমান কর্মস্থলেই কর্মরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তাঁকে নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।
জানা গেছে, বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা জাকিয়া সারওয়ার লিমা বর্তমানে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। ২০২৫ সালের ১৭ আগস্ট তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়। পরে ২৫ আগস্ট তিনি কালীগঞ্জে যোগদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাকিয়া সারওয়ার লিমা ২০২১ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর তিনি খুলনা ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। গত বছরের ৭ আগস্ট চৌদ্দগ্রাম থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য তাঁকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
জাকিয়া সারওয়ার লিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন।
তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
আরো জানতে…..