গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে জয় প্রধান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় প্রধান চুয়ারিখোলা এলাকার বিজয় প্রধানের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর জয় প্রধান নিজ বসতবাড়িতে কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস লাগান। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে নামিয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, পারিবারিক কলহের জেরেই জয় প্রধান আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।