গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের পাঁচটি গরুও মারা গেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩০) এবং একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে হানিফ আলী (৪৩)। প্রথম দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শনিবার বিকেলে কালিয়াকৈর বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চন্দ্রা ত্রিমোড়ের দিকে যাচ্ছিল। গোয়ালবাথান এলাকায় মহাসড়কে পৌঁছানোর পর পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ।
এই দুর্ঘটনার জেরে মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই গরুবোঝাই একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসকে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক আলমগীর হোসেন ও গরু ব্যবসায়ী হানিফ আলী। ট্রাকে থাকা পাঁচটি গরুও দুর্ঘটনায় প্রাণ হারায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।