তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকা ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে একটি পরিপত্র জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে তা পাঠানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর এই পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার আশঙ্কা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটি দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত করতে পারে। বিশেষত ভূমি ব্যবস্থাপনার মতো জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কার্যক্রমে নিয়মিত পদায়ন বা রদবদলের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা প্রয়োজন বলে মনে করছে মন্ত্রণালয়।

পরিপত্রে আরও বলা হয়, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনা অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। এ প্রেক্ষাপটে তিন বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে একটি হালনাগাদ তালিকা তৈরি করতে বলা হয়েছে। এই তালিকা পর্যালোচনা করে তিন বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে কোনো কর্মকর্তা-কর্মচারীকে তিন বছর পূর্ণ হওয়ার আগেই প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে বদলি করতে হলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।