আমিনবাজারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আহত ছেলে

পুলিশ সুপার বলছেন, গাড়ি রাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের এই এসআই।

আমিনবাজারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আহত ছেলে

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর ছেলেও গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম আলতাফ হোসেন (৫৮)। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে সাভারের আমিনবাজার এলাকায় থাকতেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে ১০ থেকে ১৫ জনের একটি দল আলতাফ হোসেন ও তাঁর ছোট ছেলে আরিফুল ইসলামের (২৬) ওপর হামলা চালায়।

আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে বাবা-ছেলে দুজনকেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই আলতাফ হোসেনের মৃত্যু হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সংবাদমাধ্যমকে বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজের বাড়ির কাছেই হামলার শিকার হন ওই পুলিশ সদস্য। দুই পক্ষের মধ্যে সেই বিরোধ মেটাতে গিয়েই বাবা-ছেলে দুজনেই আক্রান্ত হন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এসবির সাভার জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, নিহত আলতাফ হোসেনের আমিনবাজার এলাকায় নিজস্ব জমি রয়েছে। ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত আলতাফ হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামে। তিনি প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে।