বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুক পোস্টের পর শ্রীপুরে এনসিপি নেতা গ্রেপ্তার

পুলিশ বলছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুক পোস্টের পর শ্রীপুরে এনসিপি নেতা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে তার একটি পোস্ট আলোচনায় আসার পর রবিবার রাতে তিনি গ্রেপ্তার হন। 

তবে পুলিশ বলছে, ওই পোস্টের কারণে নয়, সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আশরাফুল ইসলাম ওরফে সজলের বয়স ২৬ বছর। তিনি শ্রীপুরের বরামা গ্রামের বাসিন্দা ইমতিয়াজ উদ্দীনের ছেলে। এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ জানিয়েছেন, আশরাফুল তাদের আহ্বায়ক কমিটির সদস্য।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে আশরাফুলকে ধরা হয়েছে। ফেসবুক পোস্টের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি। ওসির ভাষ্য, গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তিনি পোস্টটি দেখেছেন। আশরাফুলকে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেন। ওই ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আশরাফুলের মা আসমা আক্তার সংবাদ মাধ্যমকে বলেছেন, তিন-চার দিন আগে ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তার দাবি, পুলিশ তাকে জানিয়েছে যে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণেই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অনেকে পোস্টটি মুছে ফেলতে বলায় ছেলে তা মুছে দিয়েছিলেন। “তবু তাকে গ্রেপ্তার করা হলো, এটা মানতে পারি না,” বলেন তিনি। তাঁর মতে, ছেলে সহজ-সরল, তাই ভুল করে থাকতে পারেন।

এনসিপির শ্রীপুর শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তার অভিযোগ, আশরাফুলের দলীয় পরিচয় জেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসন এখনও নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। এই অভিযোগের বিষয়ে পুলিশ বা প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে মেজবাহ সংবাদ মাধ্যমকে জানান, গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রাতে বরমী বাজারে দলের পক্ষ থেকে মিছিল হয়েছে। তিনি আশরাফুলের অবিলম্বে মুক্তি দাবি করেছেন।

আশরাফুলের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরে তার ফেসবুক আইডিতে পোস্টটি পাওয়া যায়নি।