গাজীপুর কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার চুক্তির পর এবার এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে একটি ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমানকেনার চুক্তি করে সরকার। তার কয়েকদিন আগে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার।
বিমানমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে ১৫টি আছে ওয়াইড বডি আর ন্যারো বডি ১১টি”।
তিনি বলেন, “অনেকে প্রশ্ন করে এত বোয়িং আমরা কেন কিনলাম? সামর্থ্য আছে কি-না। চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া বিষয়টি তা না। এই চুক্তি সাক্ষরের পর প্রথম এয়ার ক্রাফটই আসবে ২০৩১ সালে। যদিও আমরা অনুরোধ করছি, অন্তত একটা হলেও আমাদের ২০২৭-২৮ সালের মধ্যে দিত”।

মন্ত্রী জানান, বাকি যে বিমানগুলো সেগুলো কিনতে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত লাগবে। তবে এই বিমান কেনার জন্য এখনই টাকা পরিশোধ করতে হচ্ছে না। যে বিমানগুলো আসবে সেগুলো বিমানের আয়ের টাকা দিয়েই কেনা যাবে।
বিমানমন্ত্রী বলেন, “বিমানের বহর বাড়িয়ে এভিয়েশন খাতকে আমরা উন্নত করতে চাই। ফ্লিট বাড়লে, যাত্রীর সংখ্যা বাড়লে সব মিলিয়ে টিকেটের দামও কমাতে পারি। আমি মনে করি বোয়িংয়ের মতো এয়ারবাস কেনার চুক্তিও যথার্থ হবে”।
এয়ারবাস কেনার বিষয়ে মন্ত্রী বলেন, ”এয়ারবাস থেকে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড বডি এবং ছয়টি এ৩২১ নিও ন্যারো বডি উড়োজাহাজ কেনার লক্ষ্যে আলোচনা চলছে। টেকসই মিশ্র বহর তৈরির জন্য কাজ করা হচ্ছে। আগামী মাসে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে”।