গাজীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুজনের মৃত্যু

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন

গাজীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুজনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় একজন পথচারীসহ দুজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে জেন্স গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন ভবানীপুর এলাকার বাসিন্দা সোনা মিয়া হাজীর ছেলে লোকমান হোসেন (৫০) এবং নেত্রকোণার মাছ ব্যবসায়ী দিরু মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির মাছবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর সড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ট্রাকটি সজোরে আঘাত করে।

সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালকের পাশের আসনে বসা মাছ ব্যবসায়ী দিরু মিয়া গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম সংবাদ মাধ্যমকে বলেন, ট্রাকের চালকের পাশের আসন থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় লোকমান হোসেনকেও হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর দিরু মিয়াও মারা যান।

সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।