গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে এই সংসদীয় কমিটির পুনর্গঠনের প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে সংসদ সেটি অনুমোদন করে।
এই কমিটির সভাপতি ছিলেন সদ্য ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত শামসুল হক টুকু। তিনি ডেপুটি স্পিকার হওয়ায় এই পদে পরিবর্তন এলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ ও সুলতান মোহাম্মদ মনসুর।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ প্রথম সংসদে আসেন নবম জাতীয় সংসদে। পরে একাদশ সংসদে তিনি আবার আইনসভায় আসেন। বেনজীর আহমেদ জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি’র (বায়রা) সাবেক প্রেসিডেন্ট। তিনি আহমেদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।
এছাড়া মঙ্গলবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য, লাইব্রেরি কমিটির সভাপতি, পিটিশন কমিটির সদস্য, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটির সদস্য, বিশেষ অধিকার কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।