গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে আয়কর রিটার্ন জমার প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে কাগজে রিটার্ন জমা দেওয়ার প্রচলিত ব্যবস্থার অবসান ঘটিয়ে কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ এবং প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৪’-এর ধারা ৩২৮ এর উপ-ধারা (চ) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে। রিটার্ন জমার জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো: www.ctaxnbf.gov.bd।
তবে কিছু শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন। তারা হলেন: প্রবাসী বাংলাদেশিরা, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতারা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিরা।
উল্লেখিত এই চার শ্রেণির করদাতারা চাইলে অনলাইনেও রিটার্ন জমা দিতে পারবেন, তবে এটি তাদের জন্য বাধ্যতামূলক নয়।
আদেশে আরও বলা হয়েছে, যদি কোনো সাধারণ করদাতা অনলাইন রিটার্ন দাখিলের সময় কারিগরি সমস্যায় পড়েন, তবে তাকে অবশ্যই ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে যুক্তিসংগত কারণ জানিয়ে আবেদন করতে হবে। এই আবেদন বিবেচনা করে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ঐ করদাতাকে কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের এ সিদ্ধান্তকে কর ব্যবস্থার আধুনিকায়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি একদিকে যেমন করদাতাদের সময় ও ব্যয় সাশ্রয় করবে, অন্যদিকে কর প্রশাসনের দক্ষতাও বাড়াবে। তবে এই রূপান্তর সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও প্রচার কার্যক্রম জোরদার করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।