গাজীপুর

পূবাইলে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মীরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে এক দম্পতি ও তাদের তিন মাস বয়সী শিশুসন্তান দগ্ধ হয়েছেন। এ ঘটনায় শিশুটি মারা গেছে এবং তার বাবা-মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়হান। তার বাবা মো. রিপন (২৩) এবং মা হাফিজা আক্তার (২০) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন পরিবার নিয়ে শনিবার মীরেরবাজার এলাকায় একটি বাসায় নতুন ভাড়াটে হিসেবে উঠেছিলেন। রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৫টার দিকে হাফিজা আক্তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য রান্নাঘরে পানি গরম করতে গেলে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, ঘরের তোষক ও কাপড়সহ মালামাল পুড়ে যায়। দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমিরুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে শিশু রায়হান মারা যায়। চিকিৎসকদের বরাতে তিনি জানান, রিপনের শরীরের ৮০ শতাংশ ও হাফিজার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে, এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারের রেগুলেটর সঠিকভাবে সংযুক্ত না থাকায় রাতভর গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতরে জমে ছিল। জানালা-দরজা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। ফলে রান্নাঘরে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button