গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের সালনা এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা অটোরিকশাচালক এমদাদুল হক (৪০)। অপর নিহত ব্যক্তি একজন নারী; তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে জানান, নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



