রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, যা তাদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অগাস্ট) রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য যদি নিজ দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার আসন শূন্য ঘোষিত হবে। তবে এই কারণে তিনি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হবেন না।

রিটকারী আইনজীবীর দাবি, এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, যা তাদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ইতিমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।

১৯৯১ সালের পর এবারই প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও এই নির্বাচনে প্রার্থী দিয়েছে। জোটটি সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

এ পর্যন্ত বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।