গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ইনসুলিনের পাশাপাশি প্যাথলজিতে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ রিএজেন্টও। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অপরদিকে, কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সাইনবোর্ড অপসারণেরও নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পর্যন্ত তা অপসারণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বড়নগর সড়কে অবস্থিত কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে (স্থানীয়ভাবে আরমান ডাক্তারের চেম্বার নামে পরিচিত) অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একই ফ্রিজে যেখানে রোগীদের জন্য সংরক্ষিত ছিল ডায়াবেটিসের ওষুধ মেয়াদোত্তীর্ণ ইনসুলিন, সেখানেই মজুত ছিল খাদ্যপণ্যও। পাশাপাশি প্যাথলজিতেও পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, যা রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়।
এসব অনিয়মের প্রেক্ষাপটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
উল্লেখ্য, রক্ত, মূত্র বা অন্য কোনো নমুনা পরীক্ষার জন্য প্যাথলজিতে ব্যবহৃত রাসায়নিক বা টেস্ট কিটকে বলা হয় রিএজেন্ট। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে পরীক্ষা করা হলে ভুল প্রতিবেদন আসার আশঙ্কা থাকে, যার ফলে রোগীরা ভুল চিকিৎসার শিকার হতে পারেন। অন্যদিকে ইনসুলিন সাধারণত ফ্রিজে ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হয়। মেয়াদের মধ্যে থাকলেও ব্যবহারের আগে তরল ফ্যাকাশে বা মেঘাচ্ছন্ন দেখালে কিংবা দলা বেঁধে গেলে তা নষ্ট বলে গণ্য হয় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণকে অপরাধমূলক প্রবণতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন তাঁরা।

অপরদিকে, একই দিন অভিযানে মানবসেবা নামের আরেকটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই আশপাশে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে পরিচালিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার তড়িঘড়ি করে বন্ধ করে সটকে পড়ে বলে জানা গেছে।
এ ছাড়া শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষ বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সাইনবোর্ড অপসারণেরও নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তা অপসারণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে এই বিলম্ব নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
আরো জানতে…