গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (০৩ আগস্ট) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলার অপর অভিযুক্ত হলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। মামলাটি দায়ের করবেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান। জানা গেছে, কমিশনের সভায় মামলার অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, আসামিরা সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। কমিশনের ভাষ্যমতে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত।