বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি, আবার পেনাল্টি মিসেও শীর্ষে মেসি

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি, আবার পেনাল্টি মিসেও শীর্ষে মেসি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক 

লিওনেল মেসি একদিনেই দুটি ভিন্নধর্মী রেকর্ড গড়লেন। একটি গৌরবের, অন্যটি হতাশার।

সোমবার (২২ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নিয়েছেন।

তবে একই ম্যাচে পেনাল্টি মিস করে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটিও এখন তাঁর।

আলজেরিয়ার বিপক্ষে ১৬তম গোল করে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ৩৯ মিনিটে গোল করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন। বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ১৭।

তবে আনন্দের আগে এসেছিল হতাশা। ম্যাচের মাত্র নয় মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে শট নিয়েছিলেন মেসি, কিন্তু বল চলে যায় ডান পোস্টের বাইরে। অস্ট্রিয়ান গোলকিপার আলেকজান্ডার শ্লাজার সঠিক দিকে ডাইভ দিলেও সেটি আর প্রয়োজন পড়েনি।

এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন মেসি। ওই দুটিতে গোলকিপার শট ঠেকিয়েছিলেন।

বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে দুটি করে পেনাল্টি মিসের রেকর্ড ছিল মেসির। এবার তৃতীয় মিসে সেই রেকর্ড একার দখলে নিলেন।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ক্যারিয়ারে টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি। তার মধ্যে অস্ট্রিয়ার বিপক্ষেরটি ছিল ৩৩তম মিস।

দলের হয়ে পেনাল্টিতে তুলনামূলকভাবে ভালো ফর্মে আছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। ম্যাক-অ্যালিস্টার ১৩ সুযোগে ১২টি গোল করেছেন, আর ফার্নান্দেজ ১২ সুযোগে গোল করেছেন ১১টি।